হোসাইন আহমদ,মৌলভীবাজার:পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। "আজকের একটি গাছই আগামী দিনের নিরাপদ পরিবেশের ভিত্তি"—এ কথা উল্লেখ করে তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ বলেন, "বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি মানবিক ও সামাজিক দায়িত্বের পাশাপাশি ইবাদতস্বরূপ একটি মহৎ কাজ। পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে।"
অনুষ্ঠানের শেষে মাদরাসা কর্তৃপক্ষ বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

